ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা
সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়-নিষ্ঠতাভিত্তিক শাসন ব্যবস্থা প্রণয়নের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের 'মঞ্জুর এলাহী' অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড-এর সভাপতি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। "সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাঃ বাংলাদেশ প্রেক্ষিত" শিরোনামে তার বক্তৃতায় অধ্যাপক ফরাসউদ্দিন সুষমভাবে দেশের অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের স্থিতিশিলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেবার সুযোগ দেয়া উচিত বলে তিনি মনে করেন। একইসাথে আইন প্রণেতা সাংসদগণকে স্থানীয় প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হবার পরামর্শ দেন তিনি। আর্থিক শৃঙ্খলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক করা এবং সকল সাংবিধানিক পদের নিয়োগ রাস্ট্রপতির হাতে দেয়ার পক্ষে মত দেন তিনি। প্রশাসন সংস্কারের জন্য একটি দক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন। রাজধানী ঢাকার আশেপাশের শহরতলীকে উন্নত করার মাধ্যমে দিল্লি’র মতো একটা মেট্রোপলিটন অথোরিটি গড়া অতি প্রয়োজন বলে ডক্টর ফরাসউদ্দিন উল্লেখ করেন।
অটোমেশনের ম্যাধমে কর-রাজস্ব আহরণ পদ্ধতি, প্রশাসনে নিরপেক্ষ ভাবে পদায়ন এবং ন্যায়নিষ্ঠভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পারলে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ি সমতা, মর্যাদা এবং সামাজিক ন্যায়নিষ্ঠতা ভিত্তিক দেশ গঠন সম্ভব হবে। এসব অগ্রগতি অর্জন করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (অবঃ) অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ডক্টর আকবর আলী খানের কন্যা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী প্রয়াত নেহরীন খান-এর স্মরণে প্রতি বছর এই বক্তৃতার আয়োজন করা হয়।









































