এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল ‘মাইকেল’

বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলে ইতিহাস গড়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। বিশ্বজুড়ে টিকিট বিক্রিতে সিনেমাটি ১ বিলিয়ন ডলার আয়ের অনন্য মাইলফলক স্পর্শ করেছে।
চলচ্চিত্র ইতিহাসের প্রথম বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমা হিসেবে এটি এই গৌরব অর্জন করল। গত এপ্রিলে বড় পর্দায় আসার পর থেকেই পর্দার পেছনের নানা বিতর্ক ও সমালোচকদের তীব্র সমালোচনাকে পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চলচ্চিত্রটি।
সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ৬২৯.৮ মিলিয়ন ডলার এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে ৩৭১.৮ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ১.০০১ বিলিয়ন ডলারে। মুক্তির প্রথম সপ্তাহের শেষে বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল।
দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসার কারণে গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে এটি বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রাখে।
সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছে। ২০২৩ সালের সাড়া জাগানো সিনেমা ‘ওপেনহাইমার’এর ৯৭৫ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে এটি এখন বাস্তব কোনো ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পৃথিবীর সবচেয়ে সফল সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে। একই সাথে ২০১৮ সালে কুইন ব্যান্ডকে নিয়ে তৈরি ‘বোহেমিয়ান র্যাপসোডি’-কে ছাড়িয়ে এটি এখন ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিক।
এটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের সর্বকালের সবচেয়ে বড় চলচ্চিত্র এবং স্টুডিওটির প্রথম সিনেমা যা ১ বিলিয়ন ডলারের ক্লাব ছুঁতে পেরেছে। এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল ২০১৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মাইকেল ছাড়া কেবল ইউনিভার্সালের অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি’ মুভি এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তালিকায় এর ঠিক পরেই ৮৭৯.১ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিজনির ‘টয় স্টোরি ৫। উত্তর আমেরিকায় লায়ন্সগেট এটি মুক্তি দিলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি পরিবেশন করেছে ইউনিভার্সাল।









































