শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে ভোর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন হাজারো নেতা-কর্মী।
গুলশান থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের যাত্রা
আজ সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬টার পর সড়কপথে গুলশানের বাসভবন থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর গোলচত্বর এলাকাসহ এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।
সকাল থেকেই নেতা-কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যানার ও ফেস্টুন হাতে প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়।
সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের পাঁচ্চর এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় তার গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন ও ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।
নেতা-কর্মীদের আবেগ ও প্রতিক্রিয়া
কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা দলীয় নির্দেশনা ছাড়াই নেতা-কর্মীরা স্রেফ ভালোবাসার টানে রাজপথে নেমে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, "এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখার জন্যই আমাদের এই অপেক্ষা।"
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, "দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিবচর এলাকার ওপর দিয়ে বরিশালে যাচ্ছেন। তাঁকে স্বাগত জানাতে ভোর থেকেই হাজারো নেতা-কর্মী এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"
শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, "আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু হয়ে মাদারীপুরের ওপর দিয়ে বরিশাল যাচ্ছেন—এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। ভোর থেকে শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন।"
পিডিএস/এমএইউ









































