reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকায় একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সম্পূর্ণ শরীর ঝলসে গিয়ে ৩০ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার(১১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির পরিচয় এখনো বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। খবর পাওয়া মাত্রই কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী যানসহ (এফআরটি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক দগ্ধ অবস্থায় ওই বাংলাদেশি যুবককে উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) দায়িত্বরত চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের আসল কারণ কী, তা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়