reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ 

দেশীয়ভাবে উৎপাদিত কাঁচামালের ব্যবহার উৎসাহিত করা এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে রপ্তানিমুখী স্থানীয় বস্ত্র খাতের জন্য ২০২৬-২৭ অর্থবছরে নগদ সহায়তার হার আগের ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে গত ৫ জুলাই জারি করা এফইপিডি প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়, সংশোধিত এ হার বিদ্যমান রপ্তানি প্রণোদনা নীতির আওতায় বিকল্প নগদ সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতকে আরও বেশি সহায়তা দেয়া। বিশেষ করে বন্ডেড গুদাম সুবিধা বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণের পরিবর্তে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সুতা ও কাপড় সংগ্রহকারী রপ্তানিকারকদের এ সুবিধা দেওয়া হবে।

পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের মাধ্যমে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করাই এ বর্ধিত নগদ সহায়তার উদ্দেশ্য।

এ সুবিধা পেতে রপ্তানিকারককে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) অথবা সংশ্লিষ্ট অন্য কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হতে হবে।

এছাড়া সুতা, কাপড় ও অন্যান্য যোগ্য কাঁচামাল দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে-এ মর্মে প্রয়োজনীয় দালিলিক প্রমাণও জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদ সহায়তার হার বৃদ্ধি করা হলেও দেশীয় উৎস থেকে সংগৃহীত সুতা ও কাপড়ের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের বিদ্যমান পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

সংশোধিত নগদ সহায়তা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে প্রযোজ্য হবে।

সার্কুলারে সব অনুমোদিত ডিলার ব্যাংক এবং সংশ্লিষ্ট অংশীজনদের অবিলম্বে সংশোধিত নগদ সহায়তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়