টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার চিংড়ির রেনু জব্দ, নদীতে অবমুক্ত 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি গলদা চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।পরে মৎস্য সম্পদ রক্ষার্থে সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে রেনু গুলো মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া গাড়ির থাকা শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে স্থানীয়দের সহায়তায় রেনুবাহী মাইক্রোবাসটি আটক করা হয়। তখন ভিতরে ১২ টি ড্রামে গলদা চিংড়ির রেনু (পোনা) পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

উপজেলা মৎস্য কার্যালয় সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে কালো রঙের একটি মাইক্রোবাস পাটগাতী বাসস্ট্যান্ডের টোলে পৌঁছানোর পর স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি তল্লাশি করেন। তখন গাড়ির ভিতর থেকে ১২ ড্রাম চিংড়ির রেনু উদ্ধার করা হয়। পরে সেগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, অবৈধ গলদা চিংড়ির রেনু একটি মাইক্রোবাসের ভিতরে পাওয়ার পর আইন অনুযায়ী সেগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, রেনুর প্রকৃত মালিক না থাকায় অসীম তালুকদার নামের এক শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে যদি কেউ চিংড়ির রেনু অবৈধভাবে পাচার অথবা পরিবহন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়