রাজধানীর জলাবদ্ধতা নিয়ে ট্রাফিক পুলিশের সতর্কবার্তা

টানা বৃষ্টিপাত ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে জমা পানি নেমে রাজধানীর সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। এমতাবস্থায় মোটরযান চালকদের সতর্কবার্তা দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।
রবিবার (১২ জুলাই) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজের মাধ্যমে জলবদ্ধতার একটি ভিডিও শেয়ার করে এ সতর্কবার্তা দেয়।
সতর্কবার্তায় বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করুন। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন।
সতর্কবার্তায় আরো বলা হয়, ট্রাফিক গুলশান বিভাগের পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে ধৈর্যধারণ করার অনুরোধ করা হলো।









































