জলাবদ্ধতা ও যানজট নিরসনে মাঠে ডিএসসিসি, সড়ক সচল করলেন প্রশাসক

রাজধানীতে আজ ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে রবিবার সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আজ সারা দিন ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে ইতোমধ্যে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখসমূহ পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি নিজে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হলে উক্ত সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
আজ সকাল থেকেই প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করছেন এবং বিভিন্ন সড়কে চলমান ইমারজেন্সি রেসপন্স টিমের পানি নিষ্কাশন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন।
ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে একসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময়ই আপনার পাশে রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং বিভিন্ন এলাকায় বিদ্যমান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগসমূহ অত্যন্ত সতর্কতার সাথে এড়িয়ে চলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানিত নাগরিকদের বিনীত অনুরোধ জানানো হচ্ছে।









































