হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। রবিবার দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত একটি পথ দিয়ে চলাচল করছিল। সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটি সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, কয়েকটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে।
আইআরজিসির ভাষ্যমতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
আইআরজিসির নৌবাহিনী আরো বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এ ছাড়া এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে।









































