রংপুর ব্যুরো
বাসে আগুন
রংপুরে বাস চাপায় নিহত-১

রংপুর নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক মাদরাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন।
রোববার সকাল সাড়ে ৯ টায় রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর মাজার শরিফ দাখিল মাদরাসার সুপার ছিলেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবুল কাশেম হেঁটে তার ৬ বছর বয়সি মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ লেন পরিবর্তন করে লোকাল লেনে উঠে গেলে তিনি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে বাসচালক ও তার সহকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক বলেন,বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি,সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন মারা গেছেন। বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে।









































