নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কুশিয়ারার বাড়ছে পানি, নবীগঞ্জে পানিবন্দি শতাধিক মানুষ

ছবি : প্রতিদিনের সংবাদ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীসংলগ্ন ৪ নং দীঘলবাক ইউনিয়নের গালিমপুর ও মাধবপুর গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই অঞ্চলের শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় দুই গ্রামের প্রায় ৮০টি পরিবার ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

দুর্যোগে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের উপস্থিতিতে বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, "উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ যেন খাদ্য বা জরুরি চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।"

তিনি আরও জানান, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সব ধরনের প্রস্তুতি প্রশাসনের রয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানায়, এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষ নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। তবে পানিবন্দি মানুষ দ্রুত এই দুর্যোগ কেটে যাওয়ার প্রত্যাশা করার পাশাপাশি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়