মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
মহাদেবপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবা-মাকে হত্যার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— লোকমান মন্ডল (৫৫) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)। এই জোড়া লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। ভোর রাত ৩টার দিকে তাঁদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে ঘরে খাটের ওপর বাবা-মার মরদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছেলে মুক্তার হোসেন মাদক ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার টাকার জন্য বাবা-মার সাথে তাঁর প্রায়ই বিরোধ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা না পেয়ে মুক্তার তাঁর বাবা-মাকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, "মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।"
পিডিএস/এমএইউ









































