reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ঢাবির দুই ছাত্রী হল এলাকায় জলাবদ্ধতা নিরসন

দুর্যোগ মোকাবিলায় সাত সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও হল প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকায় জলাবদ্ধতা নিরসন হয়েছে।

বর্তমানে হলের বিদ্যুৎ পরিস্থিতিসহ শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সোমবারের বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের যেকোন দুর্যোগকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টবৃন্দ ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা এ সময় তার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকায় জলাবদ্ধতা নিরসন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিকীকরণ ও সুপেয় পানির ব্যবস্থা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন গতকাল সকাল থেকেই নিরলসভাবে কাজ করে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর নেতৃত্বে ওয়াসা, ডিপিডিসি, সিটি কর্পোরেশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের যৌথ প্রচেষ্টায় রাতেই সংশ্লিষ্ট হল এলাকায় জলাবদ্ধতা নিরসন করা হয়, হলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

হল প্রশাসনের পক্ষ থেকে গতকাল ছাত্রীদের পর্যাপ্ত মোমবাতি, মিনারেল ওয়াটার ও মশার কয়েল প্রদান করা হয়। আজ সকালে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের যেকোনো সংকট মোকাবিলা এবং সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন সর্বদা পাশে রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়