মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইলসহ আটক ১

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন (২৬) নামের এক যুবককে আটক করা হয়।
রবিবার (১২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনের পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
আটক শাহিন আলম রবিন মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিডিএস/এমএইউ









































