ঢাবি প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২০

ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ঢাবির ২ ছাত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাইকোর্ট মোড় এলাকায় ওয়াসার বালির ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আবুল হাসান। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের জুবায়ের আহমেদ শান্ত। গতকাল শনিবার ভোরে হাইকোর্ট মোড়ের পানির পাম্পের সামনে থেকে তাদের আটক করে শাহবাগ থানায় আনা হয়। তারা ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র এবং হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ট্রাকের সুপারভাইজার মো. সোহেল রানা।

জানা যায়, গতকাল ভোরে ঢাকা ওয়াসার বালিভর্তি একটি ট্রাক দয়াগঞ্জ থেকে শাহবাগ আসার পথে হাইকোট মোড়ে অকেজো হয়ে যায়। ট্রাকটি রাস্তার এক পাশে পার্কিং করা ছিল। এ সময় ওই দুই শিক্ষার্থী এসে ট্রাকচালকের কাছে কাগজপত্র দেখতে চান এবং ১০ হাজার টাকা দাবি করেন। এ সময় ওই চালককে মারধরও করেন তারা। পরে ট্রাকের সুপারভাইজার সোহেল সেখানে এলে তাকেও মারধর করে তার মোবাইল থেকে রকেটের মাধ্যমে প্রায় ২ হাজার টাকা ছিনতাই করেন ওই দুই শিক্ষার্থী। পরে টহলরত পুলিশ এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান বলেন, ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছিল। তাদের কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়