reporterঅনলাইন ডেস্ক
  ০১ জানুয়ারি, ২০২০

বর্ণিল আয়োজনে বিশ্বব্যাপী বর্ষবরণ

বর্ণিল আলোকসজ্জাসহ নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব। বাদ যায়নি রাজধানী ঢাকাও। মহানগরের ভবনগুলোতে বসানো হয়েছে রংবেরঙের আলোকসজ্জা। তবে বর্ষবরণের নামে বাড়াবাড়ি করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা রয়েছে। বর্ষবরণ উপলক্ষে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা।

প্রতি বছরের মতো এবারো নতুন বছরের কাউন্টডাউনে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল নিউইয়র্কের টাইমস স্কয়ারের ক্রিস্টাল বল। এদিকে, আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে ২০২০ সালকে আগেই বরণ করে নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন। অকল্যান্ডের কেন্দ্রস্থলে ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে সবার আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম।

নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা এবং হোয়াইট দ্বীপের আগ্নেয়গিরির মতো নেতিবাচক ঘটনাবহুলকে বছরকে বর্ণিল আয়োজনে বিদায় জানালো নিউজিল্যান্ড।

রাশিয়ার মস্কোয় ছিল চোখ ধাঁধানো আলোকসজ্জার আয়োজন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ভবন সাজানো হয়েছে নানা রঙের আলোয়। সঙ্গে ছিল নানা ধরনের খাবারের পসরা। ছোটদের জন্য ছিল খেলাধুলার আয়োজন। বর্ষবরণ উপলক্ষে ফ্রান্স ঢেকে দেওয়া হয়েছিল নিরাপত্তার চাদরে। নববর্ষ বরণে যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশব্যাপী ১ লাখ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

দেশটির একজন বাসিন্দা বলেন, গেল বছরগুলোর বড় বড় সন্ত্রাসী হামলা থেকে শিক্ষা নিয়ে আমরা চলতি বছর কঠোর হতে বাধ্য হয়েছি। সবাই সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে নতুন বছরকে স্বাগত জানাতে পারছি।

ব্রিটেনেরে বিগ ব্যান টাওয়ারের ঘড়ির ঘণ্টা বাজিয়ে রাত ১২টায় উৎসবে মাতলেন সাধারণ মানুষ। প্রতীক্ষিত সেই ক্ষণটির জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তারা। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ব্রিটেন।

বর্ষকে বরণ করে নিতে ব্রাজিলের রিও ডি জেনিরিওর সমুদ্রসৈকতে অবস্থান নেন হাজার হাজার মানুষ। সমুদ্রের স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে নতুনকে বরণ করেন তারা। বিপুলসংখ্যক পর্যটকও অংশ নিয়েছেন এতে। বর্ষবরণ নির্বিঘ্ন করতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তাও। ইউরোপ, আমেরিকার মতো এশিয়ার দেশগুলোতেও নতুন বছরকে বরণ করে বর্ণিল সাজে সাজানো হয়েছে শহরগুলো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিডনি,বর্ষবরণ,নতুন বছর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়