রংপুর ব্যুরো
তিস্তা নদী রক্ষা দাবীতে ৪৮ ঘন্টার কর্মসূচী

তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে টানা ৪৮ ঘন্টার কর্মসূচী পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে সংগঠনের প্রধান সমন্বয়ক ও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু জানান, দীর্ঘদিন ধরে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার মানুষেরা তিস্তা নদীর পানি বৈষম্যের শিকার হয়েছে।
বিগত পতিত সরকারের কাছে উত্তরাঞ্চলের মানুষ তিস্তা পানি চুক্তির বিষয়ে দাবী জানিয়ে আসছে। কিন্তু সেই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে জনআকাঙ্খা বাস্তবায়ন হয়নি। ভারত সরকার আওয়ামী লীগকে তিস্তা পানি চুক্তি নাকি ক্ষমতায় থাকবে তা বেঁছে নিতে বললে তারা ক্ষমতাকে প্রাধান্য দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র চীন ২০১৬ সালে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নকশা প্রণয়ন করেছে। ৮ কিলোমিটার প্রস্থ তিস্তা নদীকে দেড় কিলোমিটার করা হবে। নদীর দু’ধারে প্রশস্ত রাস্তা, গাইড বাঁধ, স্যাটেলাইট শহর, অর্থনৈতিক অঞ্চল, হাউজিং ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ বেকারের কর্মসংস্থান হবে। রংপুরের মানুষ আশাবাদী ছিল এক সময়ের প্রমত্তা তিস্তা নদী তার যৌবন ফিরে পাবে। তিস্তা মহাপরিকল্পনা হবে নদী পাড়ের মানুষের জীবন রক্ষার প্রকল্প। কিন্তু সেই প্রকল্প পতিত আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেনি। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জেগে উঠেছে। এ লক্ষ্যে তিস্তা নদীর পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শ্লোগানে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী রংপুরের ৫ জেলার তিস্তা নদীর ১১টি পয়েন্টে লক্ষাধিক মানুষ নিয়ে টানা ৪৮ ঘন্টার কর্মসূচী পালন করা হবে। এ কর্মসূচীর মাধ্যমে তিস্তা পানি নিয়ে বৈষম্যের বিষয়টি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেয়া হবে।
অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, সম্প্রতি সরকারের দু’জন উপদেষ্টা রংপুরে তিস্তা নদী গণশুনানীতে বলে গেছেন তারা এবছর তিস্তা নদীতে কিছু কাজ করতে চান। এ বিষয়ে তিস্তা পাড়ের মানুষের মাঝে আপত্তি রয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে তিস্তায় বিক্ষিপ্ত কাজ করে জনগনের ট্যাক্সের টাকা অপচয় করার প্রয়োজনীয়তা নেই। তিস্তা পাড়ের মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে। বিলম্ব হলেও পরিকল্পিতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাওয়া সকলের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এমদাদুল হক ভরসা, সালেকুজ্জামান সালেকসহ অন্যরা।









































