reporterঅনলাইন ডেস্ক
  ৪ ঘণ্টা আগে

দেশ গড়তে ভিন্নধর্মী বাজেট

যৌক্তিক সমালোচনাগুলো বিবেচনায় নিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মেগা প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই প্রবৃদ্ধির জন্য সরকার বড় ধরনের অবকাঠামো প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে দেশের শ্রমবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দক্ষ জনশক্তির ঘাটতি। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণে বিনিয়োগ বাড়াচ্ছে।

বলা সংগত, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন বিএনপি সরকার। গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পরপরই শুরু হয়ে যায় পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া প্রকাশ। প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের’ বাজেট অভিহিত করে। তবে অর্থনীতিবিদরা বাজেটের অগ্রাধিকার নির্ধারণের প্রশংসা করে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। কেউ কেউ বাজেটের বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশে বিনিয়োগে গতি নেই। প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না। নানা প্রতিকূলতায় শত শত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। লাখ লাখ শ্রমিক বেকার হচ্ছে। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরাতে বড় বাজেটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর বড় ব্যয় নির্বাহের জন্য বড় রাজস্ব আয় করাও জরুরি। বিশেষজ্ঞরা মনে করছেন, সমস্যাটা মূলত সেখানেই। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা, যাকে রীতিমতো অবিশ্বাস্য মনে করা হচ্ছে। কারণ চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য এর তুলনায় প্রায় ২৩ শতাংশ কম হওয়া সত্ত্বেও তা অর্জনে বড় ঘাটতি রয়ে গেছে। প্রথম ১০ মাসে রাজস্ব আয়ের ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তাই রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে বড় ঘাটতি থাকবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা সত্ত্বেও বাজেটে ঘাটতি রয়েছে দুই লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩.৬ শতাংশ। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই ঋণ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে এক লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের বড় অংশ এক লাখ ১২ হাজার কোটি টাকা নেওয়া হবে ব্যাংকিং খাত থেকে। অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরো চাপে পড়বে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, তাতে আরো বেশি চাপ সৃষ্টি হলে তা বিনিয়োগ-কর্মসংস্থানে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

বলা বাহুল্য, উচ্চ মূল্যস্ফীতি, নিম্নমুখী প্রবৃদ্ধি, দুর্বল বিনিয়োগ পরিবেশ এবং কর্মসংস্থান সংকটসহ বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় বাজেটে সরকারের অগ্রাধিকার নির্ধারণ মোটের ওপর সঠিক হয়েছে, তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর। আমরা আশা করি, বাজেটের অনেক ভালো দিক রয়েছে। সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যৌক্তিক সমালোচনা ও সুপারিশগুলোকে বিবেচনায় নিতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়