প্র্রতিদিনের সংবাদ ডেস্ক
প্রথম কলাম
গরমে রোগ ঠেকাতে খান ৩ শরবত...

জাঁকিয়ে পড়েছে গরম। সূর্যের চোখরাঙানিতে হাঁসফাঁস অবস্থা। এই গরমে ডিহাইড্রেশনের সমস্যা থেকে বাঁচতে মসলাজাতীয় খাবার বাদ দিয়ে পানীয়ের ওপরই নির্ভর করতে হয় বেশির ভাগ সময়। কিন্তু শুধু তেষ্টা মিটলেই তো চলবে না, গরমে বাছতে হবে এমন পানীয়, যা শরীরকেও ঠাণ্ডা রাখবে। তা ছাড়া গরমে ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই নজর রাখতে হবে সেদিকেও।
আমলকীর শরবত : আধকাপ আমলকীর রস একটি গ্লাসে ঢালুন। এক চামচ মধু ও স্বাদমতো বিটনুন খুব ভালো করে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো জল মিশিয়ে দিন। খুব সহজেই তৈরি হয়ে যাবে আমলকীর শরবত।
আপেল-পুদিনার লেমোনেড : একটা গ্লাসে একটা গোটা পাতিলেবুর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মেশান। স্বাস্থ্যসচেতন হলে গুড়ও দিতে পারেন। তারপর এতে ৪-৫টি পুদিনা পাতা দিয়ে দিন। একটা আপেল চৌকো চৌকো করে কেটে নিন। সেই টুকরোগুলো শরবতে ফেলে দিন। আধ কাপ আপেলের রস দিয়ে তাতে বরফের টুকরো ফেলে দিন। তারপর লেমন সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি আপনার লেমোনেড।
কাঁচা লঙ্কা দিয়ে তরমুজের সোডা : এক কাপ তরমুজের রসে ১ চা চামচ চিনি এবং লেবুর রস দিন। চিনিটা ভালো করে গুলে নিন। তারপর একটা কাঁচা লঙ্কা চিরে শরবতের মধ্যে ফেলে দিন। ১৫ মিনিট ফ্রিজে রাখুন, যাতে ভালো করে ঠাণ্ডা হয়ে কাঁচা লঙ্কার ঝাঁজটা মিশে যায়। ফ্রিজে থেকে বার করে এতে সোডা মিশিয়ে নিন। একদম শেষে কিছু ছোট তরমুজের টুকরো ফেলে পরিবেশন করুন। আনন্দবাজার পত্রিকা।
"






































