যশোর ও আখাউড়া প্রতিনিধি
শুভেন্দু অধিকারী ও মানিক সাহাকে আম উপহার বাংলাদেশের

শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই মুখ্যমন্ত্রী এবং রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ১ হাজার ১০০ কেজি আম। গত মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আম্রপালি ও হাঁড়িভাঙা আম পাঠানো হয়। সব মিলিয়ে কলকাতা উপদূতাবাসে ১০০টি কার্টনে ৫ কেজি করে ৫০০ কেজি এবং ত্রিপুরার সহকারী দূতাবাসে ১২০টি কার্টনে ৫ কেজি করে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল বন্দরের মাধ্যমে পাঠানো আম কলকাতায় অবস্থিত উপদূতাবাসের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে আম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়ারেন্টাইন বিভাগের উপপরিচালক আবু তালহা।
অন্যদিকে ত্রিপুরার জন্য পাঠানো আম আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়। আমগুলোর মধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহা দুই মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে বণ্টন করা হবে।
"






































