নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই, ২০২৬
নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির খান বলেন, ‘গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন নজরুল ইসলাম খান। পরে ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’
বুধবার হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। পরে তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। শায়রুল কবির খান বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত নজরুল ইসলাম খানের সঙ্গে সাক্ষাৎ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।’
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































