তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে শিক্ষকের বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
গতকাল বৃৃহস্পতিবার ভোরের দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবস্থিত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রফেসর শহিদুল ইসলাম বলেন, ভোর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি তাড়াশ থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানান। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে।
"






































