কুড়িগ্রাম ও শিবচর প্রতিনিধি

  ১৩ ঘণ্টা আগে

কুড়িগ্রাম ও শিবচর

তিন যমজ বোন ও দুই ভাইয়ের বৃত্তি লাভ

তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের বিরল সাফল্যে আনন্দের জোয়ার বইছে কুড়িগ্রামে। মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার স্বীকৃতি হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান।

তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের কন্যা। তিন মেয়ের এই অসাধারণ সাফল্যে গর্বিত তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

জানা গেছে, ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

পরিবার ও শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই তিন বোনই অত্যন্ত মেধাবী, শান্ত-শিষ্ট ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং শেখার প্রতি প্রবল আগ্রহই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, মহান আল্লাহর কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম জ্ঞান ও নৈতিক চরিত্র গঠনের জন্য দোয়া কামনা করছি। পাশাপাশি সকলের কাছেও মেয়েদের জন্য দোয়া চাই।

উপজেলা প্রশাসনর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক সফিয়ার রহমান বলেন, একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের গর্বই নয়, কুড়িগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ফল অনুপ্রেরণা সৃষ্টি করবে।

মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের সাফল্য এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি করেছে।

শিবচর উপজেলার ভাওরকান্দি সানকির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আফ্রিদি মিয়া ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। একই বিদ্যালয়ের তার আপন ভাই সোয়েব মিয়া সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বৃত্তিপ্রাপ্ত দুই ভাই উপজেলার বাশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকার হিরু মিয়া মাদবরের ছেলে। গত রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলে দেখা যায়, দুই ভাই একই বিদ্যালয় থেকে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। তাদের এই কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, দুই ভাই-ই ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও তারা আরো ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন শিক্ষকরা।

শিক্ষার্থী আফ্রিদি মিয়া বলেন, আমার এই সফলতার পিছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান অনেক। আমাদের দুই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।

তাদের বাবা হিরু মিয়া মাদবর বলেন, আমার দুই ছেলের এমন সাফল্যে আমি ও পরিবারের সদস্যরা খুব খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন তারা ভবিষ্যতে আরো বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়