reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বন্যা ও জলাবদ্ধতায় পরীক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সাইন্সল্যাব এলাকা। বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে ধানমন্ডি-নিউমার্কেটমুখী সড়কটি অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’, স্লোগানে মুখর সাইন্সল্যাব

বিক্ষোভের সময় শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা—‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দেশজুড়ে বন্যা পরিস্থিতি ও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে পরীক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা জলমগ্ন রাস্তায় আটকে থেকে অনেক শিক্ষার্থী ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

শিক্ষার্থীদের বক্তব্য

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল বলেন, "আমরা পরীক্ষা দিতে ভয় পাচ্ছি না। কিন্তু সবার জন্য তো সমান সুযোগ থাকতে হবে। বন্যাকবলিত এলাকার বন্ধুরা কীভাবে পরীক্ষা দেবে? আমরা এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।"

ধানমন্ডি আইডিয়াল কলেজের আরেক শিক্ষার্থী রাব্বি মিয়া বলেন, "গতকালের চরম ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। শিক্ষার্থীদের এই কষ্টের পেছনে যারা দায়ী, তাদের জবাবদিহি করতে হবে।"

সতর্ক অবস্থানে পুলিশ

শিক্ষার্থীদের আকস্মিক এই অবরোধের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়