reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে রস ব্যবসায়ী হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে রস ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী ওরফে টুক্কা, তাঁর স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ফাতেমা খাতুন এবং সলঙ্গা থানার দেওভোগ গ্রামের হায়দার আলী ও হোসনে আরা খাতুন। অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, পেশায় খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ ব্যবসার সুবাদে আসামি সুজাত আলীর বাড়িতে থাকা শুরু করেন। সেখানে সুজাতের মেয়ে ফাতেমার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সালের ৩ এপ্রিল জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হলে তাঁর স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন। ২০০৮ সালের ৫ মে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ডিবি পুলিশ। দীর্ঘ ১৮ বছর পর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়