reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামের উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক এক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁর শিশু সন্তানেরা ওই বাসাতেই ছিল।

নিহত স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে 'কলস' প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী স্বামী পরিচয়ে স্বপ্নার জন্য এই বাসাটি ভাড়া নেন। সোমবার সকালে বাসার ভেতর থেকে স্বপ্নার শিশুদের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান এবং তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংগৃহীত আলামত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়