reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজস্ব বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ছবি : প্রতিদিনের সংবাদ

নৌপরিবহন খাতে রাজস্ব বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নৌপথ ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি এবং সচিব জনাব জাকারিয়া।

রবিবার (১২ জুলাই) কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এই নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত সচিব ও কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম এ সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় প্রদত্ত প্রধান প্রধান নির্দেশনাগুলো হলো-

ড্রেজিং ও নৌপথ ব্যবস্থাপনা: সংরক্ষণ ড্রেজিংয়ের ব্যয় কমিয়ে অধিকতর প্রয়োজনীয় স্থানে খননের ব্যবস্থা করা এবং দেশের বিভিন্ন নৌপথে ছোট কিন্তু দ্রুতগামী নৌযান চলাচলের ব্যবস্থা নেওয়া।

রাজস্ব বৃদ্ধি ও আইনি পদক্ষেপ: নৌসওপ বিভাগের কঞ্জারভেন্সী ও পাইলটেজ খাতে আয় বাড়ানো, ঘাট বা পয়েন্ট সংক্রান্ত দেওয়ানী মোকদ্দমাসমূহ দ্রুত নিষ্পত্তি এবং ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করা। পাশাপাশি, নৌনিট্রার বিভিন্ন নৌপথে সময়সূচী প্রদানে শর্ত শিথিল করে খাতভিত্তিক রাজস্ব আদায়ে জোর দেওয়া।

আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবহার: নদী বন্দর এলাকায় মালামাল ওঠানামায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু, দ্রুত নদীর বর্জ্য অপসারণে আধুনিক ক্লিনিং মেশিন সংগ্রহ এবং নিজস্ব অর্থায়নে যেকোনো একটি ঘাটকে পুরোপুরি আধুনিকায়ন করা।

লাইসেন্স ও তদারকি: অননুমোদিত ডকইয়ার্ডগুলোকে লাইসেন্সের আওতায় আনা এবং লিজ বা লাইসেন্সকৃত জায়গায় দৃশ্যমানভাবে প্লট নম্বর, মৌজা ও অবস্থান সংবলিত সাইনবোর্ড স্থাপন বাধ্যতামূলক করা। এছাড়া ঢাকার বৃত্তাকার নৌপথে নৌযান চলাচলে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মোঃ সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়