টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর সেই যুবদল নেতা নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাক কারখানার ঝুট (বর্জ্য) ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও কারখানায় ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় করা মামলার পর এবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলকে।
রোববার (১৩ জুলাই) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই নোটিশে সই করেন। অভিযুক্ত নাজমুল হোসেন মন্ডল টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোটিশে উল্লেখ করা হয়, পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার সুনির্দিষ্ট অভিযোগ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ জুন টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলায় নাজমুল হোসেন মন্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত এবং আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাজমুল হোসেন মন্ডল বলেন, "শোকজ তো মামুলি বিষয়। গত ১০-১৫ দিন ধরে এমপি সাহেব বারবার চেষ্টা করছেন, এখন তো শোকজ করবেই। আসলে এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি সেখানে উপস্থিত ছিলাম না, কোনো অস্ত্র বা হুমকি-ধমকির সঙ্গেও জড়িত নই। যাদের ব্যবসা দখল হয়েছিল, তারা সেটি উদ্ধার করেছে; এর মধ্যে আমি নেই। আমার মনে হয় না শোকজ নিয়ে এত বাড়াবাড়ির কিছু আছে। শোকজ করেছে, আমি নিয়ম অনুযায়ী এর লিখিত জবাব দেব।"
পিডিএস/এমএইউ









































