বিশেষ কর্মসূচি উদ্বোধনে সকালে ঢাবিতে যাবেন প্রধানমন্ত্রী

কিছু সময়ের মধ্যে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন।
যুবসমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সূচনা বক্তব্য দেবেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া।
এছাড়া স্বাগত বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।
উদ্বোধনী পর্বে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, স্টার্টআপ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপের মাঝে অনুদানের চেক বিতরণ করা হবে।








































