মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে ৩৬ চোরাই মোবাইলসহ আটক ১

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
গত রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদে উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
আটক শাহিন আলম রবিন মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ কে এম শামীম হাসান বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
"






































