বিনোদন প্রতিবেদক

  ০২ ডিসেম্বর, ২০১৯

এক বছর পর একই মঞ্চে...

এক বছর পর একই মঞ্চে সংগীত পরিবেশন করলেন বাংলাদেশের গর্ব, ভারতের গজল সম্রাজ্ঞী মিতালী মুখার্জি ও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী। দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের ১৭তম অধিবেশনে গেল শনিবার রাতে তারা দুজন সংগীত পরিবেশন করেন। এদিন রাত ৮টার পর প্রথম মঞ্চে উঠেন তপন চৌধুরী। তিনি একে একে দেবদাস, পলাশ ফুটেছেসহ আরো বেশকিছু গান পরিবেশন করেন। তপন চৌধুরীর পরিবেশনার পর রাত ৯টার পর মঞ্চে উঠেন মিতালী মুখার্জি। মঞ্চে উঠেই তিনি প্রথম ‘পুরোনো সেই দিনের কথা’ গানটি পরিবেশন করেন। মিলনায়তন ভর্তি দর্শক এই গানে মিতালী মুখার্জির সঙ্গে গেয়ে উঠেন। সবার মুখে মুখে এই গান শুনে মুগ্ধ হন মিতালী মুখার্জি।

আবারও ঢাকায় সংগীত পরিবেশন করা প্রসঙ্গে মিতালী মুখার্জি বলেন, ‘যখনই বাংলাদেশে ফিরে আসি; তখনই মনে হয়, আমি আমার স্মৃতিতে ফিরে আসছি, আমার শেকড়ে আসছি। বারবারই আমি ঈশ^রের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ যখন গান শিখেছি, গান গেয়েছি, তখন বুঝতে পারিনি এত জনপ্রিয়তা পাব, সবার এত ভালোবাসা পাব। এটা সত্যিই ঈশ^রের আশীর্বাদ। অল্প সময়ের জন্যও দেশের মাটিতে এলে মনের ভেতর ভীষণ আনন্দ কাজ করে।’

তপন চৌধুরী বলেন, ‘মিতালী মুখার্জি দিদি এমনই এক সংগীতশিল্পী; যিনি এখনো নিজের ভেতরের সবটুকু আবেগ-অনুভূতি দিয়ে গান করেন। তার সঙ্গে এখনো একই মঞ্চে গাইতে অবশ্যই ভালো লাগে আমার।’

এদিকে তপন চৌধুরী ও মিতালী মুখার্জি সর্বশেষ গত বছর একটি স্টেজ শোতে একসঙ্গে গান পরিবেশন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়