বিনোদন প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষা উৎসব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠিত হলো ‘বর্ষা’ উৎসব। গত বৃহস্পতিবার সকাল ৯টায় এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ মুকিত মজমুদার বাবু। উৎসবে সভাপতিত্ব করেন ঢাবি সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ। প্রায় ২০০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহন করে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে বর্ষাকে বরণ করে নেন। উৎসবে ড. প্রিয়াংকা গোপ ‘মিয়া কি মল্লার’ রাগ পরিবেশন করেন। শিক্ষার্থীরা প্রিয়াংকার কণ্ঠের এই পরিবেশনা বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেন।
বর্ষা উৎসব প্রসঙ্গে ড. প্রিয়াংকা গোপ বলেন, ‘বছরের ছয়টি ঋতুতেই আমাদের সঙ্গীত বিভাগ বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্ষা উৎসবের আয়োজন করেছে। সবচেয়ে ভালোলাগার বিষয় ছিল এই উৎসবে বিভিন্ন সময়ে একটু পরপর বৃষ্টি হচ্ছিলো। আর এই বৃষ্টিই যেন আমাদের বর্ষা উৎসবকে বরণ করে নিয়েছে। এই উৎসবের মূল বিষয় ছিল সবার মাঝে প্রকৃতি ও জীবন সম্পর্কে সচেতনতা বাড়ানো। আমরা আমাদের শিক্ষার্থীদের এই আয়োজনকে সুন্দরভাবে সফল করতে সার্বক্ষণিক পাশে থাকার চেষ্টা করেছি। তারা নিজেরা যে এমন একটি চমৎকার উৎসবের আয়োজন করতে পেরেছে-এটা সত্যিই অনেক বড় বিষয়। তারা বিশ্ববিদ্যালয় জীবনের গণ্ডি পেরিয়ে আগামীতে নিশ্চয়ই অনেক ভালো কিছু করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ বর্ষা উৎসবকে সফল করতে যারা কষ্ট করে এসেছিলেন তাদের প্রত্যেককে।’
"









































