বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

আইজ’-এর জন্ম এক অদম্য বিশ্বাস থেকে

ঢালিউড নির্মাতা রায়হান রাফী ও ভিন্নধারার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ- দুই মেরুর এ দুই পরিচালকের এক হওয়া সিনেমার জন্য নিঃসন্দেহে এক বড় চমক। আর সেই চমক নিয়েই এবার বড়পর্দায় নিয়ে আসছেন নতুন সিনেমা ‘আইজ’। এ সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন। নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গন থেকে সুখবর বয়ে এনেছে এ প্রজেক্টটি। সম্প্রতি এমন খবরই দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন পরিচালক রায়হান রাফী। সেই পোস্টে নতুন মিশন ও সিনেমার আদ্যোপান্ত নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন সিনেমার পেছনের গল্প ও ভাবনার কথা। নির্মাণাধীন সিনেমা ‘আইজ’ মর্যাদাপূর্ণ ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’-এর জন্য নির্বাচিত হওয়ার কথা।

সামাজিক মাধ্যমে পোস্টে রায়হান রাফী লিখেছেন, ‘কিছু চলচ্চিত্রের জন্ম হয় গল্প থেকে। কিছু চলচ্চিত্রের শুরুটা হয় কোনো প্রশ্নকে ঘিরে। আর ‘আইজ’- এর জন্ম এক অদম্য বিশ্বাস থেকে। দীর্ঘদিন ধরে আমরা তথাকথিত আর্ট হাউস আর বাণিজ্যিক সিনেমার এক কৃত্রিম দেয়াল টেনে রেখেছি। আমি কখনোই বিশ্বাস করি না যে, সিনেমাকে এমন কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা যায়।’

এ নির্মাতা বলেন, ‘একটি চলচ্চিত্র একই সঙ্গে আবেগঘন, বিনোদনধর্মী, চিন্তাশীল ও সমসাময়িক হয়েও দর্শকের মনকে গভীরভাবে নাড়া দিতে পারে। আমার কাছে সিনেমার সার্থকতা সবসময় এখানেই। ‘আইজ’ আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ এ সিনেমাটির সূত্র ধরেই আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও তানভীর হোসেনের সঙ্গে আমার এক হওয়া।’

এ ত্রয়ী একত্র হওয়া প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘আমরা তিনজন সম্পূর্ণ ভিন্ন পটভূমি, ভিন্ন মনস্তত্ত্ব আর ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমাকে দেখি। আর এ বৈচিত্র্যই আমাদের এই যৌথ যাত্রাকে আমার কাছে এতটা রোমাঞ্চকর করে তুলেছে। সাদের শক্তি তার মনস্তাত্ত্বিক গভীরতা, নীরবতা ও নৈতিক টানাপোড়েন আর মানুষের ভেতরের ভঙ্গুর সত্যকে পর্দায় আনা।

তিনি বলেন, আর তানভীরের শক্তি তার বিশ্বাস, অধ্যবসায় আর এই মেলবন্ধনকে বাস্তবে রূপ দেওয়ার মতো একজন প্রযোজকের দূরদর্শিতা। আমি সেখানে যোগ করেছি গতি, ব্যাপ্তি, আবেগ আর দর্শকের মনস্তত্ত্ব বোঝার সহজাত ক্ষমতা। আমার বিশ্বাস, এই ভিন্ন ভিন্ন শক্তির মেলবন্ধনেই ‘আইজ’ তার নিজস্ব ভাষা খুঁজে পাবে।

পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বসিত রায়হান রাফী বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নির্মাণাধীন সিনেমা ‘আইজ’ ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’ -এর জন্য নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, যে কাজটি আমরা অত্যন্ত যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে তুলছি, তার জন্য এটি একটি দারুণ অর্থবহ প্রথম পদক্ষেপ। এ প্রজেক্টটির ওপর আস্থা রাখার জন্য কোপ্রো-অ্যাক্সেস ল্যাব এবং পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। সেলিন লুপ, মাথিভানান রাজেন্দ্রন, পূজা মোহিতে- আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়