কমবে যানজট
ঢাকা ঘিরে নৌপথের কার্যকর ব্যবহারের উদ্যোগ

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ জুলাই) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনাবিষয়ক এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে রাজধানীর যানজট নিরসন কীভাবে হবে, তা বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজধানীর ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়েছে।’
ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তাগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত। ১২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণ কাজ চলছে। বৈঠকে জানানো হয়, এই পথে ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
বৃত্তাকার এই রিং রোড নির্মাণ হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামে যেতে রাজধানীর ভেতরের সড়ক পথ ব্যবহার করতে হবে না। এতে শহরের যানবাহনে চাপ কমবে এবং একই সঙ্গে যানজটও কমে আসবে।
একইভাবে ঢাকা শহর ঘিরে ১১০ কিলোমিটারের নদীপথ রয়েছে। এটা চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে এবং রাজধানীর বৃত্তাকার নদীপথে মানুষজন এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যেতে পারবে অনায়াসে। এ বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা এর কারিগরি দিক উপস্থাপন করেন। বৈঠকে তারা বলেছেন, নদীপথ ব্যবহার করলে পরিবেশদূষণমুক্ত থাকবে, জ্বালানি সাশ্রয়ী হবে, সময়ও কম লাগবে। কারণ নদীপথের যানবাহনগুলো হবে ইলেকট্রিকচালিত।








































