আরিচা-দৌলতদিয়া ফেরীঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা জোরদার ও অবকাঠামো রক্ষণাবেক্ষণে নির্দেশনা প্রদান

নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বুধবার (১ জুলাই) দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ আরিচা-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ফেরি চলাচল, যানবাহন ও যাত্রী ব্যবস্থাপনা, ঘাটের সার্বিক অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী ঘাট এলাকায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈদসহ বিভিন্ন উৎসব মৌসুম ও স্বাভাবিক সময়ে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় জোরদারের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে আরিচা-দৌলতদিয়া নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নৌপথে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ফেরির আধুনিকায়ন কার্যক্রম, ঘাটের নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবার মানোন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ পর্যালোচনা করেন। তিনি ঘাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় গ্রীন টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরিচা ফেরিঘাটের সংস্কারকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগের বিষয়টিও তিনি গুরুত্বসহকারে সরেজমিনে তদন্ত করেন। সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মাণকাজ পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্তে প্রতীয়মান হয় যে, নির্মাণকাজ অনুমোদিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুসরণ করেই সম্পন্ন হচ্ছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত যেকোনো অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে তিনি নির্মাণকাজে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ নৌ-চলাচল এবং সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ, আধুনিক, নিরাপদ ও স্বচ্ছ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে যাত্রীসেবা আরও উন্নত, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








































