বিনোদন ডেস্ক

  ৩ ঘণ্টা আগে

বাংলায় ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলাদেশি দর্শকদের জন্য বড়সড় এক চমক নিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নাগরিক টিভি’ এবং দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বর্ণাঢ্য জীবন এবং সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের ব্লকবাস্টার মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার দেখা যাবে মাতৃভাষা বাংলায়।

যৌথ উদ্যোগে ২ আগস্ট জুলাই থেকে ঐতিহাসিক এই সিরিজটি বাংলাদেশে সম্প্রচার শুরু হতে যাচ্ছে। ৩০ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গে দর্শকরা উপভোগ করতে পারবেন বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাথা সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি ও দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বর্ণিল এই আয়োজনের সমাপ্তি ঘটে সাংবাদিকদের জন্য রাখা একটি আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে, যেখানে তিন ভাগ্যবান বিজয়ী উপহার হিসেবে পান এসি, টিভি ও স্মার্টফোন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়