বিনোদন প্রতিবেদক
আজ মৌ ও ডলি জহুরের ‘তবু মনে রেখো’

নির্মাতা মো. রবিউল সিকদার যিনি মূলত জীবনঘনিষ্ঠ গল্প নিয়েই কাজ করেন সবসময়। আবারো তিনি ‘তবু মনে রেখো’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। যা রচনা ও চিত্রনাট্য করেছেন মাতিয়া বাবু শুক। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে মৌয়ের শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর।
গল্প এবং কাজ করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘রবির পরিচালনায় এর আগেও একটি কাজ করেছি। সেই নাটকে আমি, আখম আর উর্মিলা ছিলাম। দীর্ঘদিন পর আবারো রবির নাটকের কাজ করা হলো। এই নাটকটির গল্প আমাদের জীবন থেকে নেওয়া গল্প। জীবন সংসারের গল্প। নাটকে আমার সহশিল্পী হিসেবে আরো আছে মাসুম বাশার, শাহেদ আলীসহ আরো কয়েকজন। বেশ যত্ন করেই রবি নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘এই নাটকে ডলি ভাবী আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে যে ছেলের পরিবার থেকে মা-বাবা আলাদা হয়ে যেতে চাইছেন। সেই সময়টাতেই মা অসুস্থ হয়ে পড়েন। এমন সময় বাবা মায়ের পাশে থেকে মায়ের সেবা করেন, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। আবার আমি এবং আমরা স্বামী সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম আলাদা হয়ে যাবার। কিন্তু মায়ের প্রতি বাবার এই দায়িত্ব-ভালোবাসা দেখে আমরা আমাদের আলাদা হবার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। গল্পটা সুন্দর। নির্মাতা চেষ্টা করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই যথাযথভাবে নাটকটি নির্মাণ করতে। আমি-আমরা যারা ছিলাম প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের। কারণ এই ধরনের গল্পের নাটক শিক্ষণীয় নাটক। জীবন থেকে নেওয়া গল্পের নাটক বেশি বেশি নির্মাণ হওয়া উচিত বলেও আমি মনে করি।’
নাটকটির নির্মাণে ক্যামেরায় ছিলেন জুয়েল আহমেদ। এটি আজ রাত ৯.৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
"









































