বিনোদন প্রতিবেদক
সবাই মিলে কাজের আহ্বান আবুল হায়াতের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশের প্রশংসা করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। তার প্রত্যাশা, নির্বাচন শেষে বিজয়ী-পরাজিত বিভেদ ভুলে সবাই একসঙ্গে চলচ্চিত্রশিল্পের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী আইনি জটিলতা এড়িয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে এফডিসি প্রাঙ্গণে ভোট দিতে আসেন আবুল হায়াত। ভোটকেন্দ্র থেকে বের হয়েছেন ১১টা ৪৫ মিনিটে। ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে গুণী এ অভিনেতা ও নির্মাতা বলেন, ‘এবার ভোটের পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখনই ভোট দিতে আসি, সব সময় পরিবেশ সুন্দরই দেখি। কোনো অসুন্দর বা অপ্রীতিকর কিছু আমার চোখে পড়ে না। এবারও তার ব্যতিক্রম হয়নি।’
কেমন প্রার্থীকে ভোট দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে এই জ্যেষ্ঠ অভিনেতা বলেন, ‘যারা সত্যিই ভালো কাজ করতে পারবেন, আমি তাদেরই ভোট দিয়েছি।’
নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে আবুল হায়াত বলেন, ‘নির্বাচনের পর একটি দল জিতবে, কিছু মানুষ নির্বাচিত হবে। তখন সবাই যেন একসঙ্গে দেশের চলচ্চিত্রের জন্য কাজ করে। তবেই ভালো কিছু সম্ভব।
নির্বাচন-পরবর্তী সময়ে আদালতকেন্দ্রিক বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট শেষ হওয়ার পর যদি আবার কোর্ট-কাছারি, আদালত- এসব শুরু হয়ে যায়, তাহলে পরিস্থিতি আবার আগের জায়গাতেই থেকে যাবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কখনোই আমাদের কাম্য নয়।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টা বিরতি ছিল।
"









































