মো. মেহেরাব হোসেন রিফাত, বিএম কলেজ, বরিশাল

  ০৫ জুলাই, ২০২৬

আমের মিষ্টি স্বাদে বন্ধনের গল্প

বিএম কলেজ ডিবেটিং ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

বিতর্ক মানেই শুধু যুক্তি, পাল্টা যুক্তি কিংবা প্রতিযোগিতার উত্তাপ নয় এর বাইরেও রয়েছে সম্পর্ক, ভালোবাসা আর পারস্পরিক বন্ধনের এক অনন্য জগৎ। সেই বন্ধনকে আরো দৃঢ় করতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় ডিবেটিং ক্লাব (বিএমসিডিসি) আয়োজন করেছিল এক ব্যতিক্রমী আম উৎসব।

রসায়ন ভবনের নিচ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বর্তমান ও সাবেক সদস্যরা একত্রিত হন। কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা নয়, বরং একসঙ্গে বসে মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগি করার মধ্য দিয়ে ফুটে ওঠে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধনের ছবি।

এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সহিদুল ইসলাম। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে গিয়ে তিনি উপলব্ধি করেন, দেশের সেরা আমের স্বাদ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রিয় ক্লাবের সদস্যদের সঙ্গেও ভাগ করে নেওয়া উচিত। সেই ভাবনা থেকেই এই ব্যতিক্রমী আয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সহিদুল ইসলাম বলেন, আমি সবসময় বিশ্বাস করি, একটি বিতর্ক ক্লাব শুধু যুক্তি, বক্তৃতা কিংবা প্রতিযোগিতার জায়গা নয়, এটি একটি পরিবার। তাই ক্লাবের সদস্যদের মধ্যে সুন্দর বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করেছি। কানসাট থেকে আম নিয়ে আসার সময় মনে হয়েছে, এই মিষ্টি স্বাদ আমার ছোট ভাই বোনদের সঙ্গেও ভাগ করে নেওয়া উচিত। এর আর্থিক মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, স্মৃতি এবং ক্লাবের প্রতি গভীর টান। তিনি আরো বলেন, আমি চাই বিএম কলেজ ডিবেটিং ক্লাবে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে আজীবনের সম্পর্ক গড়ে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ছাবিদুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক হাসনাইন, বর্তমান সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক আজিজুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরাব হোসেন রিফাত, অর্থ সম্পাদক সাইফুল, তুফা, তানভির, আবির, মাহফুজ, আসরাফুজ্জামান জিহাদসহ ক্লাবের অন্যান্য বিতার্কিকরা। আম পরিবেশন, প্রাণবন্ত আড্ডা আর হাসি আনন্দে ভরে ওঠে পুরো আয়োজন। উপস্থিত সদস্যরা মনে করেন, এমন অনানুষ্ঠানিক আয়োজন শুধু সম্পর্ককে গভীরই করে না, বরং একটি সংগঠনকে আরো প্রাণবন্ত ও পরিবারসুলভ করে তোলে। প্রতিযোগিতার মঞ্চে যুক্তির লড়াই থাকলেও, এমন আয়োজনই মনে করিয়ে দেয় একটি বিতর্ক ক্লাবের সবচেয়ে বড় শক্তি তার সদস্যদের পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা এবং একে অপরের প্রতি অটুট বন্ধন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়