আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মার্চ, ২০২০

করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ বললেন ট্রাম্প

চীন থেকে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে ভাইরাসটিকে এমন ভাষায় উল্লেখ করেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশেষ করে চীনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্প খাতকে জোরালো সহায়তা দেবে। আমরা আগের চেয়ে আরো শক্তিশালী হব! টুইটে স্পষ্ট যে, মার্কিন ব্যবসায়িক খাতকে চাঙ্গা করতেই এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। স্বভাবতই এ তালিকার শীর্ষে রয়েছে চীন। এরপর রয়েছে যথাক্রমে ইতালি, ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালিতে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সব দোকান। ভারতও প্রায় সব ধরনের ভিসা বন্ধ করেছে। টুইটার তার কর্মীদের জানিয়ে দিয়েছে, অফিসে না এসে বাড়িতে থেকে কাজ করতে। পণ্য ও মানুষের চলাচলে এত রকম নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্য। আশঙ্কা করা হচ্ছে, করোনাভাইরাস মহামারির জের ধরে শিগগিরই বিশ্ব অর্থনীতিতে ঘনিয়ে আসতে পারে বিপর্যয়। শুরু হতে পারে ভয়াবহ মন্দা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়