কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কুলাউড়ায় ফানাই নদীর সেতু ঝুঁকিপূর্ণ: সংস্কারের দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুতগুতি থেকে হাসিমপুর সড়কে ফানাই নদীর ওপর নির্মিত সেতুর মাঝখানে ভাঙন দেখা দেওয়ায় এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ অসংখ্য সাধারণ মানুষ যাতায়াত করেন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচি

সেতুটির এই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুর মাঝখানের ভাঙন দিন দিন আরও বড় আকার ধারণ করছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই মানুষের জীবন ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সেতুটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার জোর দাবি জানান তারা।

উপস্থিত নেতৃবৃন্দ

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, সদস্য সচিব সাদমান সৌমিক মজুমদার, সদস্য নিখিল দেবনাথ, শহিদুল আলম গৌছসহ স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়