কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
গাবখান চ্যানেলে দ্বিতীয় সেতু নির্মাণে স্থান পরিদর্শন

যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকার গাবখান চ্যানেলের ওপর প্রস্তাবিত দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। গত শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জাতীয় সংসদে সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেতু বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে পিরোজপুর জেলার মানুষের যাতায়াত সহজ করা এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আমরাজুড়ি সেতুসহ জেলার তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণকে জরুরি উল্লেখ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সেতু সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমরাজুড়ি ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় সেতু বিভাগের অতিরিক্ত সচিব আলতাব হোসেন শেখ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিস ইসরাত জাহান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে এই প্রকল্পের সম্ভাব্যতা ও কারিগরি বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। কাউখালীর পরিদর্শনের পর তিনি পিরোজপুরের নেছারাবাদ ও ভান্ডারিয়া উপজেলার সন্ধ্যা নদীর ওপর প্রস্তাবিত আরও দুটি সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
পিডিএস/এমএইউ









































