আন্তর্জাতিক ডেস্ক
চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার তৎপরতা জোরদার ও আহত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে জিনজিয়াং শহরের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামে অবস্থিত হুইতেং জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ছুয়ানচৌ শহরের ফায়ার সার্ভিসের ১৮৩ জন উদ্ধারকর্মী ও ৩৫টি অগ্নিনির্বাপণ যান ঘটনাস্থলে পাঠানো হয়। পরে বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানাটি থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। ভবনের ছাদে আটকা কয়েকজন কর্মী সাহায্যের জন্য সংকেত দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টারও অংশ নিতে দেখেছেন।
"






































