সংক্ষিপ্ত সংবাদ

চাল জব্দ
ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৯১৮ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলা সদরের জামতলা মোড়ে চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানিয়েছেন, ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
গরু বিতরণ
তাড়াশ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরি চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান দরিদ্র উপকারভোগীদের মধ্যে গরু বিতরণ করেন। সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ।
বীজ-সার বিতরণ
তালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াসের সভাপতিত্বে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও জাহিদুল ইসলাম।
সংবর্ধনা
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের এইচএসসি (২০২৬) পরীক্ষার্থী ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের) ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদয়ালয়ে ভর্তি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের সভাপতি ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উদ্বোধনী বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর সিদ্দিকী।
কারাদণ্ড
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণের দায়ে থানা পুলিশ আব্দুল রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তকে রবিবার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার
বেলাবো প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে ক্লু-লেস চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার হেপি হোমস আবাসিক এলাকার নুরুল ইসলামের ধ্যান্দার রিকশার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল মিয়া নেত্রকোনার মদন থানার ফতেহপুর গ্রামের বাসিন্দা। বেলাবো অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, মামলার পর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের দিকনির্দেশনায় একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং মামলার তদন্তকারী অফিসার এসআই আরিফুল ইসলাম, এসআই রেজাউল করিমের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ঢাকার তেজগাও শিল্পাঞ্চল থেকে রুবেলকে গ্রেপ্তার করেন।
"





































