reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো 

দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, জনসংখ্যা ও যানবাহন বেড়ে যাওয়ায় আমাদের প্রচুর গাছপালা কেটে ফেলতে হয়েছে, যার ফলে বাতাস দূষিত হচ্ছে। পরিবেশ রক্ষা ও বিশুদ্ধ বাতাসের জন্য তোমাদের সবাইকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে হবে। যেখানেই সুযোগ পাও-বাড়িতে, খেলার মাঠে কিংবা স্কুল-কলেজে একটি চারা রোপণ করো। গাছ বড় হয়ে একসময় তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে।

সোমবার(২৯ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে ‘উদ্ভাবনী মেধাবী পুরস্কার’ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। উদ্বোধনের আগে তিনি অনলাইনে একযোগে দেশের ২৯ হাজার ৬০০টি স্থানের সঙ্গে যুক্ত হয়ে এক দিনে প্রায় ৯০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সূচনা করেন। বৃক্ষরোপণের পাশাপাশি দেশ ও নিজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। রাস্তাঘাট বা পাবলিক প্লেসে কেউ ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে এবং লজ্জা দিতে হবে। সিটি করপোরেশন বা পৌরসভার ওপর নির্ভর না করে, নিজের ঘরের মতো করে আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

তরুণ প্রজন্মকে নিয়মানুবর্তী হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ তোমাদের, তাই দেশ গড়ার দায়িত্বও তোমাদেরই নিতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়