ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫৯২ মামলা, এবারও শীর্ষে মিরপুর

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
একই সঙ্গে ৫৪৯টি যানবাহন ডাম্পিং এবং ২৮৫টি যানবাহন রেকার করা হয়েছে। বরাবরের মতো ট্রাফিক আইন লঙ্ঘনে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর অঞ্চলে।
সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি, লালবাগ বিভাগে ২৭৯টি, মতিঝিল বিভাগে ৪৬৩টি, ওয়ারী বিভাগে ১৯০টি, তেজগাঁও বিভাগে ৩৪৮টি, মিরপুর বিভাগে ৪৮৮টি, উত্তরা বিভাগে ৪৪৩টি এবং গুলশান বিভাগে ২৬০টি মামলা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।









































