দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দৌলতপুরে 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের মূল প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশু যদি অন্তত একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকেরা জানান, “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির মূল লক্ষ্য প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়