সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শাহজাদপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাবাড়ী বালুর পয়েন্ট থেকে পিকআপ-ভর্তি বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে থানা-পুলিশ।

রবিবার থানা চত্বরে ৫ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও উপপরিদর্শক মিজানুর রহমানসহ থানার পুলিশ সদস্যরা।

জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ী পশ্চিমপাড় হয়ে পিকআপ-ভর্তি অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহন করার সময় স্থানীয়রা তা আটকে দেয়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপ ও জাল জব্দ করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আটক করা ২৮টি বস্তার ভেতরে ২২৪ পিস অবৈধ চায়না দুয়ারি জাল ছিল। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গুড়ায় তৈরি করে জালগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। গত সপ্তাহেও পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে আসছি। দেশের মৎস্যসম্পদ রক্ষায় জনগণকে সচেতন হতে হবে, এগুলো দেখামাত্রই আমাদের জানানোর অনুরোধ রইল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়