ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার সকালে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—জেলার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। তাদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী (হেলপার) আহত হয়েছেন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে চারগাছ এলাকা থেকে ইট নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। চালক ও সহকারী আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।
পিডিএস/এমএইউ









































