হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে ভারতীয় অবৈধ শাড়ি-থ্রিপিসসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান পরিচালনা করে প্রায় ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রিপিস এবং একটি পিকআপসহ (মিনি ট্রাক) দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) রুপন নাথের নেতৃত্বে মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিমকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪১টি ছালার বস্তায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ১,২৩৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ৭টি ছালার বস্তা থেকে ২৪৬ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা। এ সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২৩-০৮৬০ নম্বরের একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপ জব্দ করা হয়।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এএসআই (নিরস্ত্র) মো. এমরান হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ধারায় মামলা দায়ের করেন। মামলাটি হাটহাজারী মডেল থানার মামলা নম্বর-৩৪, তারিখ ২৯ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পিডিএস/এমএইউ









































